Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেলো রিয়াদ এয়ার

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, June 17, 2026
যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেলো রিয়াদ এয়ার

ছবি: সংগৃহীত


সৌদি আরবের নতুন বিমান সংস্থা রিয়াদ এয়ার যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। মঙ্গলবার এক আদেশে এই অনুমোদনের কথা জানিয়েছে ইউএস ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট (ইউএসডিওটি)।


গত সপ্তাহেই নিজেদের নতুন বোয়িং উড়োজাহাজ নিয়ে লন্ডনে প্রথম ফ্লাইট চালু করেছে সংস্থাটি। ২০২৩ সালে যাত্রা শুরু করা রিয়াদ এয়ার সৌদিয়ার পর দেশটির দ্বিতীয় জাতীয় বিমান সংস্থা, যার মালিকানায় রয়েছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টিমেন্ট ফান্ড (পিআইএফ)। 


অনুমোদনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয় বলেছে, “এই অনুমতি জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”


গত মাসে অনুমোদনের জন্য আবেদন করার সময় রিয়াদ এয়ার জানিয়েছিল, ২০৩০ সালের মধ্যে তারা বিশ্বের ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। এর মধ্যে অন্তত ১০টি আন্তর্জাতিক বিমান সংস্থার সঙ্গে অংশীদারিত্ব রয়েছে বা গড়ে তোলার প্রক্রিয়া চলছে, যার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সও। 


ডেল্টা জানিয়েছে, আগামী অক্টোবর থেকে আটলান্টা থেকে রিয়াদের উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট চালু করবে তারা।


রিয়াদ এয়ারের প্রধান নির্বাহী টনি ডগলাস গত সপ্তাহে জানিয়েছেন, জুলাইয়ের মধ্যে নতুন উড়োজাহাজ যুক্ত হয়ে তাদের বহরে বিমানের সংখ্যা দাঁড়াবে আটে। এছাড়া ২০২৭ সালের মার্চের মধ্যে বিশ্বের ২২টি শহরে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।


বর্তমানে সর্বোচ্চ ৭২টি বোয়িং ৭৮৭, ৬০টি এয়ারবাস এ৩২১নিও এবং ৫০টি এ৩৫০ মডেলের উড়োজাহাজের অর্ডার করেছে রিয়াদ এয়ার। এই বিশাল সংগ্রহের কথা উল্লেখ করে ডগলাস এটিকে "আধুনিক বিমান চলাচল ইতিহাসের সবচেয়ে বড় বৈশ্বিক স্টার্টআপ" বলে অভিহিত করেছেন।


তেলনির্ভর অর্থনীতিকে পর্যটন, লজিস্টিক্স ও প্রযুক্তির মতো নতুন খাতে বৈচিত্র্যময় করার সৌদি আরবের সামগ্রিক পরিকল্পনার একটি অংশ হিসেবে গড়ে উঠছে এই বিমান সংস্থা।


ইতিমধ্যে কায়রো, দুবাই, জেদ্দা, মাদ্রিদ ও ম্যানচেস্টারের উদ্দেশ্যে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে রিয়াদ এয়ার। ডগলাস জানান, খুব শিগগিরই ভারতের কয়েকটি শহরেও ফ্লাইট চালু হতে পারে।


সূত্র: রয়টার্স

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News