জাপান এয়ারলাইন্সে মদপান বিতর্ক: দায় নিয়ে বেতন কমালেন প্রধান নির্বাহী
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, June 17, 2026
ছবি: সংগৃহীত
ফ্লাইটের আগে মদপানের নিয়ম ভঙ্গ করে তা গোপন করার অভিযোগে দুই কেবিন ক্রুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজের বেতনও কমিয়েছেন জাপান এয়ারলাইন্সের প্রধান নির্বাহী মিতসুকো তোত্তোরি।
সংস্থাটি জানিয়েছে, দুই মাসের জন্য তার বেতন ৩০ শতাংশ কমানো হবে। এই ঘটনার জের ধরে জাপানি কর্তৃপক্ষ এয়ারলাইন্সকে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে।
গত ২৩ মে হিরোশিমায় রাত্রিযাপনের সময় চিফ ফ্লাইট এ্যাটেনডেন্ট আরেকজন ক্রু সদস্যের মদপান নিয়ে এই বিতর্কের সূত্রপাত।
জাপান এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী, উড্ডয়নের ১২ ঘণ্টা আগে থেকে ক্রু সদস্যদের মদপান বন্ধ রাখতে হয়।
কিন্তু নির্ধারিত সময়ের বাইরে মদপান করায় চিফ ফ্লাইট এ্যাটেনডেন্ট বিমানবন্দরে যাওয়ার আগে বাধ্যতামূলক অ্যালকোহল পরীক্ষার ফল যথাযথভাবে জানাতে ব্যর্থ হন। পরে বিমানবন্দরে দ্বিতীয় দফায় পরীক্ষা করা হলেও তার শরীরে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার বেশি পাওয়া যায়, ফলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় ফ্লাইটটি প্রায় ৪০ মিনিট দেরিতে যাত্রা শুরু করে।
২০২৪ সালে নিয়োগ পেয়ে জাপান এয়ারলাইন্সের প্রথম নারী প্রধান নির্বাহী হওয়া তোত্তোরি, যিনি নিজেও ক্যারিয়ারের শুরুতে কেবিন ক্রু ছিলেন, বলেন—এই বেতন কর্তন ব্যবস্থাপনার দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন কর্মচারী অসদাচরণ নয়, বরং অভ্যন্তরীণ তদারকিতে দুর্বলতার প্রতিফলন—একথা স্বীকার করেই নির্বাহী পর্যায়ে বেতন কর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাপানের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থাটিকে আনুষ্ঠানিকভাবে কড়া সতর্ক করেছে এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সন্দেহ প্রকাশ করে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে।
সূত্র: এরোক্সপ্লোরার